নিঃসঙ্গতা -শুভ অধিকারী

            নিঃসঙ্গতা
            শুভ অধিকারী
ঔজ্জ্বল্য!? সে তো প্রহেলিকা, দৃষ্টিশক্তির উর্ধ্বে...
আমার একরাশ আঁধার চাই,
যেখানে সূর্যালোক কিংবা চন্দ্রালোক প্রতীয়মান হবে না চূড়ান্ত সংকটাবস্থাতে,
সেখানেই অলীক স্বপ্নগুলো ভেঙে চূর্ণিত হবে বাস্তবতার নির্মম পৃষ্ঠাঘাতে।

কোলাহল!? সে তো শ্রুতিকটু, বোধগম্যের অতীত...
আমার বিশুদ্ধ নিস্তব্ধতা চাই,
যেখানে অন্তিম সমীচীন চিৎকার গন্তব্যের সন্নিকটে এসেও হবে লক্ষ্যচ্যুত,
সেখানেই সমস্ত জড়তা ধ্বংস হয়ে ধরণীতে জন্মাবে অতন্দ্র দেবদূত।

অন্তরঙ্গতা!? সে তো আত্মগ্লানির, বিশ্বাসের বাইরে...
আমার সীমাহীন নিঃসঙ্গতা চাই,
যেখানে প্রাচীন লোকালয়ও মনে হবে মরুভূমির মরীচিকা, বিস্তীর্ণ জনশূন্য,
সেখানেই সর্বশেষ অমঙ্গলকর পদচিহ্ন বিলীয়মান কাম্য, ভূপৃষ্ঠ হবে শান্তিতে পরিপূর্ণ।


-শুভ অধিকারী

No comments

Powered by Blogger.